বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আশাবাদী রোস্টন চেজ। ক্যারিবীয় অধিনায়ক এটাও জানেন যে, মিরপুরের উইকেটে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। শেরেবাংলার পিচ সব সময়ই রহস্যময়ী। ক্রিকেটবিশে^র প্রথম সারির অনেক দলই এখানে এসে নাকানিচুবানি খেয়েছে! ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজটা খেলতে এসেছে তা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে তাদের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণ জড়িত। এমন সিরিজে বাংলাদেশ তাদের ঘরের মাঠের সুবিধা নেবে, তা পরিষ্কার। এজন্য উইকেট নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কেমন হবে মিরপুর টেস্টের উইকেট? ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক মিরপুরের উইকেট প্রতিদিনই পর্যবেক্ষণ করেছেন। উইকেটে গতকাল পর্যন্ত ঘাস ছিল। আজ ম্যাচের দিন তা থাকবে কিনা, সেটিই তিনি দেখতে চান। গতকাল সংবাদ সম্মেলনে মিরপুর টেস্টের উইকেট নিয়ে চেজ বলেন, ‘আমি উইকেট দেখেছি। ঘাস ছিল। আগামীকাল (আজ) হয়তো আরও কিছুটা ঘাস ছেঁটে ফেলা হবে। তবে উইকেট যেমনই হোক না কেন দুই দলকেই এখানে খেলতে হবে। আমার মনে হয়, যারা উইকেটের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারবে এবং পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে, তারাই শেষ পর্যন্ত জিতবে।’ মিরপুরের রহস্যময়ী উইকেটে স্পিনারদের দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশলটা অজানা নয় ক্যারিবীয় অধিনায়কের। তাই তো তিনি বললেন, ‘আমার ধারণা এখানেও স্পিন থাকবে। কেননা বাংলাদেশ দলটা মূলত স্পিননির্ভর ক্রিকেটের জন্যই পরিচিত।’ এর আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও উইকেট নিয়ে গোমর ফাঁস করতে চাননি। তিনি বলেন, ‘আমাদের এখন দেখেন, পেস এবং স্পিন বল দুই দিকেই আমরা ভালো অবস্থানে আছি। সো, এটা আমি এখানে বলতে চাই না। আমার মনে হয় যে কন্ডিশনটা আমাদের স্যুট করবে, ওই অনুযায়ী আমরা যাব।’
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে মরিয়া। বেশ আগেভাগেই তারা এখানে এসেছে। নিয়মিত অনুশীলন করার পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তবে এ সিরিজে তারা পায়নি দলের গুরুত্বপূর্ণ সদস্য শাই হোপকে। অনেক দিন ধরেই তিন সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ দলের অপরিহার্য অংশ তিনি। সবশেষ সাত টেস্টে তিন সেঞ্চুরি ও একটি ৯২ রানের ইনিংস খেলেছেন। সেই হোপকে ছাড়া বাংলাদেশ সফর করছেন ক্যারিবীয়রা। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে হোপ না থাকলেও দলের বাকি সদস্যদের ওপর আস্থা রাখছেন রোস্টন চেজ। তিনি বলেন, ‘অবশ্যই হোপ আমাদের দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। সে দুর্দান্ত ফর্মে আছে। তার না থাকাটা আমাদের জন্য অবশ্যই বড় ব্যাপার হবে। তবে এখন যেহেতু তিনি নেই, এটা নিয়ে আমাদের চিন্তা করলে চলবে না। আমাদের স্কোয়াডে থাকা ১৫ জনকে নিয়েই আমাদের ভাবতে হবে এবং ব্যাটিং বিভাগে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’
