সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল এবং নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কাঁচপুর এলাকায় বাস এবং মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় শুক্র ও শনিবার রাতে থানায় মামলা দুটি দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে এসআই শামীম রেজা বাদী হয়ে প্রথম মামলাটি করেন। এতে ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়। এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া। অন্যদিকে শনিবার রাতে এসআই হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন। এতে ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিব ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় নেতাকর্মীরা। ওসি মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
Rupali Bangladesh · Crime & Law
দুই মামলায় ২৫৭ জন আসামি
11/23/2026
মূল প্রতিবেদনে যান ↗