দিনাজপুরের পার্বতীপুরে বিরোধের জেরে মারামারির ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে মারামারির ঘটনা ঘটে।
আজ সোমবার বিকালে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
তিনি জানান, প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক ও পারিবারিক রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এ সময় বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হন চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেয়া হলে তার মৃত্যু হয়।
ঘটনার পর আসাদুজ্জামানকে ঘটনাস্থল থেকে এবং মামলার অন্যতম প্রধান আসামি আশিকুজ্জামান আলো মিয়াকে চিরিরবন্দরের হাশিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে দিনাজপুর শহরে ভেকুর ব্যাটারি চুরির চেষ্টার সময় বাধা দেয়ায় টিটু শিকদার নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাফি ওরফে রিজুন মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ জামে মসজিদের পূর্ব পাশে একটি কালভার্ট নির্মাণস্থলে এ ঘটনা ঘটে। আহত টিটু শিকদারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ সোমবার সকালে কোতয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম।
তিনি জানান, ঘটনার পর পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ অভিযান শুরু হয়। পরে দিনাজপুর পৌরসভার রেলব্রিজ উঁচাপাড়া এলাকার একটি গলি থেকে মামলার এজাহারনামীয় আসামি রাফি ওরফে রিজুন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে তাকে রিমান্ডে নেয়ার আবেদনসহ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
