কালবেলা · general
নীলফামারীতে পতিতাবৃত্তি নিয়ে দ্বন্দ্বে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ২
10/27/2026

নীলফামারীর ডোমার উপজেলায় পতিতাবৃত্তি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় শ্যামল শর্মা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে উপজেলার নীলাহাটি শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্যামল শর্মা উপজেলার হরিণচড়া ইউনিয়নের শুসেন শীলের ছেলে।
গ্রেপ্তাররা হলেন- রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী শাহনাজ বেগম (৩০) এবং ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা শেওটগাড়ী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুর রশীদ (৪৫)।
স্থানীয়দের দাবি, পতিতাবৃত্তি পরিচালনাকে কেন্দ্র করে ওই এলাকায় বিরোধের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কয়েকজন নারীকে ওই এলাকায় নিয়ে আসা হতো। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের ফল এখনো জানা যায়নি।
নিহতের ভাই কৃষ্ণ শর্মা জানান, মঙ্গলবার রাতে শ্যামল ও হাফিজ নামে দুই ব্যক্তি তার বড় ভাই শ্যামল শর্মাকে ফোন করে নীলাহাটি শ্মশানঘাটে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কয়েকজনের সঙ্গে তার ভাইয়ের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুর রশীদ, শ্যামল, হাফিজসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
কৃষ্ণ শর্মা আরও জানান, মারধরের পর তার ভাই অচেতন হয়ে পড়েন। পরে শাহজাহান নামে এক ব্যক্তির মোবাইল থেকে বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার ভাইয়ের নাভির নিচে রক্তক্ষরণ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই কৃষ্ণ শর্মা বাদী হয়ে মামলা দায়ের করছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗