
স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যানবাহনকে জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজ শুরু হবে মঙ্গলবার সকাল ৬টায়। চলবে বুধবার রাত ১২টা পর্যন্ত। নারায়ণগঞ্জ সড়ক বিভাগ এ মেরামতকাজ পরিচালনা করবে। তাই এই সময়ে যাত্রাবাড়ি-ডেমরা হয়ে ঢাক-সিলেট মহাসড়কে যান চলাচলে নিষেধ করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতের কারণে মঙ্গলবার সকাল থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত ওই এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে বিকল্প সড়ক ব্যবহার এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাতায়াতের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম।
মেরামত চলাকালে ডেমরা সেতু-সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা থাকায় যাত্রীসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার ও পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। একইসঙ্গে বিষয়টি জনসাধারণকে দ্রুত অবহিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চাওয়া হয়েছে।
